বুধবার ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। তবে দর্শনার্থীদের অনলাইনে আগাম বুকিং নিশ্চিত করে প্রবেশ করতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত ছিলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্ট প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
উদ্বোধনের পর সাংবাদিকদের জন্য একটি বিশেষ সময় বরাদ্দ থাকবে, যাতে তারা জাদুঘরটি ঘুরে দেখে প্রতিবেদন প্রকাশ করতে পারেন। একইদিনে শহীদ পরিবারের সদস্যদের জন্য জাদুঘরটি সংরক্ষিত থাকবে।
৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। তিনি বলেন, জাদুঘরে একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ প্রবেশ করলে তা পরিচালনা করা কঠিন হবে। এ কারণে নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থীর জন্য সময় ভিত্তিক প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করে নির্ধারিত সময় নিশ্চিত করতে হবে। নির্ধারিত শ্লট অনুযায়ীই তারা জাদুঘরে প্রবেশ করতে পারবেন।
সংবাদ সম্মেলনে ডা. জাহেদ আরো জানান, জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে নতুন দেশাত্মবোধক গান সৃষ্টির লক্ষ্যে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এতে শতাধিক নতুন গান জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ২০টি গানকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। ৫ আগস্ট রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত কনসার্টে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে এবং প্রথম তিনটি নির্বাচিত গান মঞ্চে পরিবেশিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









