মাদারীপুরে মানবপাচার চক্রের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযানে তিন শীর্ষ মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে তারা এই মানবপাচার চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে গত সোমবার (৩ আগস্ট) সদর উপজেলার শ্রীনদী ও বাহাদুরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের নেতৃত্বে গঠিত বিশেষ পুলিশ দলটি এই অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই সালমান রহমান, এসআই সুমন খান ও এসআই রায়হান কবির নাঈমসহ পুলিশের অন্য সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন: রবিউল মুন্সী (৩২), পিতা: আব্দুল জব্বার মুন্সী, সাং- বাহের চর শ্রীনদী। মিন্টু হাওলাদার (৪৭), পিতা: মৃত মিনাজ উদ্দিন হাওলাদার, সাং- চর ঘুন্সী। সোহরাব চৌকিদার (৬০), পিতা: মৃত কিনাই চৌকিদার, সাং- পশ্চিম বাহাদুরপুর। তারা সবাই মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, এই চক্রটির গতিবিধি দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরে রাখা হয়েছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানবপাচার-সংক্রান্ত আইনে নিয়মিত মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশ জানিয়েছে, মানবপাচার একটি গুরুতর ও সংঘবদ্ধ অপরাধ। এই অপরাধ নির্মূলে জেলার বিভিন্ন স্থানে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মানবপাচার, মাদক ব্যবসা, সন্ত্রাস, কিশোর গ্যাং, চুরি-ডাকাতি ও ওয়ারেন্টভুক্ত আসামিদের দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে যেকোনো ধরনের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে মাদারীপুর জেলা পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









