সরকারি প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ, দ্রুত ও দক্ষ করতে বদলি এবং পদায়ন প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় এ সভার আয়োজন করা হয়। সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।
সভায় উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারী ব্যবস্থাপনা সিস্টেম (জেমস)-এর মাধ্যমে অনলাইনে বদলি ও পদায়ন কার্যক্রমে এআই প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা নিতে হবে। এর ফলে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, গতি ও দক্ষতা আরও বাড়বে।
তিনি বলেন, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে ব্যক্তিগত যোগাযোগ ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ইসমাইল জবিউল্লাহ জানান, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয় মেধাভিত্তিক জনপ্রশাসন গঠন, স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ এবং জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।
তিনি আরও জানান, সরকারি কর্মকর্তাদের পেনশন আবেদন ও প্রশাসনিক অনুমোদন প্রক্রিয়াও সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পাইলট প্রকল্পের আওতায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অবসর নেওয়া একজন অতিরিক্ত সচিবের পেনশন অনলাইনে প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে।
জনপ্রাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অনলাইনে বিভাগীয় কমিশনাররা অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









