বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিএনসিসি মোতায়েনের দাবি

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম

আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম

মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিএনসিসি মোতায়েনের দাবি

ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েন, সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিরপেক্ষতা নিশ্চিতসহ নির্বাচন কমিশনের (ইসি) কাছে চার দফা দাবি উত্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ডাকসু নেতারা।

সংবাদ সম্মেলনে ডাকসুর নেতারা বলেন, ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সাম্প্রতিক সিদ্ধান্ত ভোটারদের স্বাভাবিক চলাচল ও তথ্যপ্রাপ্তির অধিকার খর্ব করছে। ফলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও অস্বস্তি তৈরি হচ্ছে। এ কারণে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে ভোটার ও সংশ্লিষ্টদের যৌক্তিক মোবাইল ব্যবহারের সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

ডাকসু নেতারা জানান, তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের আশ্বাস দিয়েছেন এবং এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন।

ডাকসুর প্রতিনিধি সাদিক কায়েম বলেন, দ্বিতীয় দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েন না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। বিএনসিসি একটি সুসংগঠিত ও প্রশিক্ষিত বাহিনী হিসেবে অতীতে ডাকসু নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করেছে। ভোটের পরিবেশ নিরাপদ ও শৃঙ্খলিত রাখতে তাদের মোতায়েন গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, তৃতীয় দাবিতে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় প্রার্থীদের ওপর হামলা ও সহিংসতার ঘটনা ঘটছে। এমনকি নারী প্রার্থীরাও হামলার শিকার হচ্ছেন, যা একটি গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচনের জন্য উদ্বেগজনক।

ডাকসু নেতারা জানান, চতুর্থ দাবিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষ রেখে ভোটগ্রহণ পরিচালনার আহ্বান জানানো হয়েছে, যাতে ভোটাররা ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নির্বাচন নিয়ে কোনো ধরনের প্রশ্ন বা বিতর্ক সৃষ্টি না হয়।

সংবাদ সম্মেলনে ডাকসুর নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচন কমিশন দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি গ্রহণযোগ্য, অবাধ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন নিশ্চিত করবে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.