বিদেশে উচ্চশিক্ষা অর্জনকারী বাংলাদেশি তরুণদের জ্ঞান, দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার। এ লক্ষ্যে দেশে নিরাপদ, বিনিয়োগবান্ধব এবং কর্মসংস্থানমুখী পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীতে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার চায় দেশের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করুক এবং অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখুক। তিনি উল্লেখ করেন, বর্তমানে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে বিদেশে পড়াশোনা করা অনেক বিশেষজ্ঞ কাজ করছেন এবং তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
তিনি আরও বলেন, অতীতের সরকারগুলো দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও তরুণদের জন্য টেকসই সুযোগ সৃষ্টি করতে পারেনি। বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে নিরাপত্তা, সুশাসন, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ থাকবে। এর ফলে বিদেশফেরত তরুণরা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের উন্নয়নেও সরাসরি ভূমিকা রাখতে পারবেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, বর্তমান সময়ে শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নয়নের মাধ্যম নয়, এটি কূটনীতিরও একটি গুরুত্বপূর্ণ উপাদান। এ কারণে বিভিন্ন দেশের সঙ্গে শিক্ষা ও গবেষণাভিত্তিক অংশীদারত্ব জোরদারে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি জানান, বিদেশে উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় আরও বাড়ানো হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বার্থে সংশ্লিষ্ট কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









