সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার। নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শেষ হওয়ার পর পরিবারের সম্মতি অনুযায়ী মরদেহ দেশে আনা হবে।
সোমবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রবিবার (৯ আগস্ট) সৌদি আরবের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। নিহতদের মধ্যে ১৩ জন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। বাকি তিনজনের মধ্যে দুজন নাটোরের নলডাঙ্গা এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।
নিহত সবাই ওই কারখানায় কাজ করতেন। অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুর খবরে আত্রাই ও নলডাঙ্গা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন হারানো পরিবারগুলোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে স্থানীয় পরিবেশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









