সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ আগস্ট) দেওয়া এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, দুর্ঘটনার পর থেকেই প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে পরিস্থিতির খোঁজখবর রাখছেন। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে বাংলাদেশ মিশনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী। এ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
উল্লেখ্য, রবিবার রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ বাংলাদেশি নাগরিক প্রাণ হারান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









