শিক্ষার্থীদের জন্য আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার একটি হোটেলে ‘খেলায় খেলায় শিখি’ তথ্যপুস্তক পর্যালোচনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে সরকার বিদ্যালয়ের পোশাক ও মধ্যাহ্নভোজ কর্মসূচি বাস্তবায়ন করছে উল্লেখ করে আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘‘আগামীতে দেশের সব উপজেলা মধ্যাহ্নভোজ কর্মসূচির আওতায় আনা হবে।’’
তিনি বলেন, ‘‘২০২৭ শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামে দুটি নতুন পাঠ্যবই যুক্ত করা হচ্ছে। এ ছাড়া ষষ্ঠ শ্রেণিতে ‘আনন্দের সঙ্গে শেখা’ শীর্ষক পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ চলছে।’’ পাশাপাশি ২০২৮ সাল থেকে প্রথম শ্রেণির পাঠ্যক্রমে খেলাধুলা বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি।
দেশীয় খেলাধুলার প্রসারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘‘শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ দিতে হবে। দেশের ঐতিহ্যবাহী খেলাগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দিতে হবে।’’
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকটের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরো বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের অভাব রয়েছে। এ সমস্যা সমাধানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে ‘অবসরপ্রাপ্ত শিক্ষক পুল’ গঠন করা যেতে পারে।’’
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এবং সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









