দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, জাতীয় স্বার্থ ও জরুরি পরিস্থিতিতে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৪ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব দেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
সরকারি ক্রয় আইন ও সরকারি ক্রয়বিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে প্রস্তাবটি বৈঠকে উপস্থাপন করা হয়। পরে বিস্তারিত পর্যালোচনা শেষে প্রস্তাবটিতে নীতিগত অনুমোদন দেয় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
দেশে গ্যাসের চাহিদা ও সরবরাহের ঘাটতি মোকাবিলায় এই এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









