রোহিঙ্গাদের কারণে দেশের ওপর বহুমুখী চাপ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে। একই সঙ্গে তাদের উপস্থিতি দেশের অর্থনীতিতেও বড় ধরনের চাপ সৃষ্টি করছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, রোহিঙ্গা সংকটের কারণে দেশের ওপর বিভিন্ন দিক থেকে চাপ বাড়ছে। তাদের উপস্থিতিতে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডও বাড়ছে। পাশাপাশি দীর্ঘস্থায়ী এ সংকট দেশের অর্থনীতিতেও উল্লেখযোগ্য চাপ তৈরি করছে।
অনুষ্ঠানে তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সে অংশ নেওয়া ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান।
এবারের কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক, সাংবাদিক এবং করপোরেট খাতের প্রতিনিধিসহ বিভিন্ন পেশার ৩৭ জন ফেলো অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে কোর্সের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। ক্যাপস্টোন কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









