প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও পাঁচজন যুক্ত হতে যাচ্ছেন। সম্ভাব্য এই পাঁচজনের একজন বিষয়টি নিশ্চিত করলেও নাম প্রকাশ করতে রাজি হননি। এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং শুক্রবার সন্ধ্যায় তাদের বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই তিনি নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন।
সূত্রের তথ্য অনুযায়ী, পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সম্ভাব্য মন্ত্রী আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নরসিংদী-২ আসনের সংসদ সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি এ আসন থেকে নির্বাচিত হন।
হুমায়ুন কবির বর্তমানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর পদটি প্রতিমন্ত্রীর মর্যাদার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টার দায়িত্বও পালন করছেন তিনি।
আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তাঁর দল জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। তিনি ভোলা-১ আসনের সংসদ সদস্য।
সাচিং প্রু জেরী বান্দরবান আসনের সংসদ সদস্য। বিএনপির প্রার্থী হিসেবে তিনি এ আসন থেকে নির্বাচিত হন।
অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা মোহাম্মদ শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য।
গত ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভায় মোট ৫০ জন সদস্য শপথ নেন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী ছিলেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









