দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে বঙ্গভবন ছাড়তে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠান শেষে একে একে অতিথিরা বঙ্গভবন থেকে বের হতে থাকেন। রাত ৮টার পর অতিথিদের গাড়ি বঙ্গভবন থেকে বের হতে দেখা যায়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
শপথ শেষে বঙ্গভবনের প্রধান ফটক দিয়ে অতিথিদের গাড়ি বের হতে দেখা যায়। তাদের নিরাপদে বের করে দিতে বঙ্গভবনের সামনে ও আশপাশের সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। যান চলাচল স্বাভাবিক রাখতেও ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করেন।
এর আগে শুক্রবার বিকেল থেকেই আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে প্রবেশ করতে শুরু করেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনের প্রধান ফটক ও আশপাশের এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা। বঙ্গভবনে প্রবেশের সময় অতিথিদের পরিচয় ও আমন্ত্রণপত্র যাচাই করা হয়।
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৩ ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।
শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









