আজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল। রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। পরদিন শপথ নেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
এরপর শনিবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
আজ বঙ্গভবনে প্রথমবার অফিস করার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









