তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থান থেকে দূরে থেকে নিয়মকানুন ও দায়িত্ব যথাযথভাবে রেগুলেট করার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
রবিবার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব অবশ্যই রেগুলেট করতে হবে, তবে কোনোভাবেই যেন তা কন্ট্রোলের দিকে না যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা তাকে বড় একটি সুযোগ দিয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
মন্ত্রী বলেন, সরকারের উন্নয়নমূলক ও ইতিবাচক কর্মকাণ্ড সততা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে জনগণের কাছে তুলে ধরা মন্ত্রণালয়ের অন্যতম বড় দায়িত্ব। একই সঙ্গে মুক্তিযুদ্ধসহ জাতীয় অর্জনের যেসব বিষয় নিয়ে দেশের মানুষ গর্ব করে, সেগুলোতেও ইতিবাচক প্রভাব রাখার গুরুদায়িত্ব পালন করতে হবে।
দেশের ইতিহাসের একটি কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কাজে ভুল-ত্রুটি হতে পারে, তবে নৈতিকতার জায়গা থেকে তারা শক্ত অবস্থানে রয়েছেন।
জুলাই আন্দোলনে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের ভূমিকার কথাও তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ওই সময়ে গণমাধ্যম বা সংশ্লিষ্টদের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।
বাংলাদেশকে নতুন একটি দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে আন্দালিব রহমান পার্থ বলেন, অতীতে যে ড্যামেজ হয়েছে, সেগুলো মেরামতের পাশাপাশি নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে। নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে যেন কোনো অন্যায় না হয় এবং ভবিষ্যতে সবাই মিলে সঠিকভাবে ও টিমওয়ার্কের মাধ্যমে কাজ করতে হবে।
নতুন দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে আসেন তথ্যমন্ত্রী। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে সকাল সাড়ে ৯টায় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









