ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবের আমেজে শেষ হয়েছে। পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় দেশের জনগণের প্রতি ‘আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা’ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
ভোটগ্রহণ শেষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের পেশাদারিত্ব মিলেই একটি সফল গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করেছে। জনগণ নিজেদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় অংশগ্রহণ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক, গণমাধ্যম এবং ভোটের সঙ্গে জড়িত সব কর্মকর্তা-কর্মচারীর অবদানের কথা স্মরণ করে তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তাদের নিষ্ঠা ও পরিশ্রমেই এত বড় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ফলাফল ঘোষণার পরও যেন সহনশীলতা ও গণতান্ত্রিক শালীনতা বজায় থাকে।
তিনি আরও বলেন, দেশের মানুষ আবারও দেখিয়েছে ক্ষমতার প্রকৃত উৎস জনগণই। জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার এটাই উপযুক্ত সময়।
নির্বাচনকে ‘মহা আনন্দের উৎসব’ আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা দাবি করেন, এটি দেশের ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট। এই ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশের গণতন্ত্র আরও উচ্চতায় পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









