নিষিদ্ধ সংগঠন ছাড়া দেশের যেকোনো ব্যক্তি বা সংগঠনের সভা-সমাবেশ করা এবং সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জনগণ যাতে নির্ভয়ে নিজেদের মতামত প্রকাশ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন আইনমন্ত্রী।
গুমের ঘটনা প্রসঙ্গে তিনি জানান, গত ছয় মাসে একটি গুমের ঘটনা ঘটেছে। আরও তিনটি ঘটনার তদন্ত চলছে। গুমের বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশে মিথ্যা মামলা হচ্ছে কি না—এমন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, দেশে কোনো মিথ্যা মামলা হচ্ছে না, এমন দাবি করা যাবে না। তবে বিষয়টি নিয়ে সরকার সতর্ক রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মানবাধিকার ও গুম প্রতিরোধ আইন নিয়ে মো. আসাদুজ্জামান বলেন, প্রস্তাবিত আইনে কিছু জটিলতা রয়েছে। সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন শেষে আইনটি সংসদে উত্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবিধান সংস্কার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ১৯৭২ সালের সংবিধান যতদিন কার্যকর থাকবে, ততদিন প্রয়োজন অনুযায়ী এতে সংস্কার করা হতে পারে। তবে সংশ্লিষ্ট কমিটির প্রস্তাব ও নাম এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি।
দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, ‘‘আমরা সামনে এগিয়ে যেতে চাই, পেছনে যেতে চাই না। আমাদের ভুল হতে পারে, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা জুলাই সনদের পথ ধরেই এগোতে চাই।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









