সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে।
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের আগ্রহ রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং বিশ্ব মুসলিম সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও অংশগ্রহণের সুযোগ তৈরি হচ্ছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে বিভিন্ন জায়গায় আমন্ত্রণ জানানো হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের নেতৃত্ব ও অংশগ্রহণের সুযোগ বাড়ছে।
মক্কার সঙ্গে বাংলাদেশের মানুষের আবেগ ও সম্পর্কের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতে ইসলামিক দেশগুলোর মধ্যে কোনো নিরাপত্তা কাঠামো তৈরি হলে সেখানে বাংলাদেশের অংশগ্রহণ অস্বাভাবিক হবে না। তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি তিনি।
মক্কা প্রতিরক্ষা চুক্তি কী?
মক্কা প্রতিরক্ষা চুক্তি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত একটি ত্রিদেশীয় প্রতিরক্ষা চুক্তি। গত ৭ আগস্ট মক্কায় চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যেই ন্যাটোর আদলে এই চুক্তি করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









