কক্সবাজারের টেকনাফে র্যাবের পৃথক দুটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি সাবমেশিন গান (এসএমজি) উদ্ধার এবং ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলিসহ সামসুন নাহার (১৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। আটক সামসুন নাহার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা। তার বাবার নাম শামসুর আলম।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবরস্থান পাহাড় (জাকিরের ডেইল পাহাড়) এলাকায় অভিযান চালায় র্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের একটি দল। এ সময় পাহাড়ের পাদদেশে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাবমেশিন গান (এসএমজি) উদ্ধার করা হয়। তবে অস্ত্রটির মালিকানা বা এর সঙ্গে জড়িত কারও বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে পৃথক অভিযানে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘরে অভিযান চালায় র্যাব। এ সময় সামসুন নাহারকে আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের মাচার ওপর বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়।
আ. ম. ফারুক জানান, উদ্ধারকৃত এসএমজি ও গুলিসহ আটক নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









