নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা ও পৌরসভা ছাত্রদল।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে দ্বীপ উন্নয়ন সংস্থার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল। প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের জিয়াউর রহমান রাহান। অনুষ্ঠানের উদ্বোধন করেন হাতিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম. হাছান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া ডিগ্রি কলেজের প্রভাষক অধ্যাপক শাহ মোহাম্মদ ওয়ালী উল্যাহ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাছিব মঈনউদ্দিন মাহমুদ, সাবেক সভাপতি মেফতাহ উদ্দিন বাকু, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুলাইমান ও সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ।
এ ছাড়া অনুষ্ঠানে নোয়াখালী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মহসিন আজগর রিয়াজ, হাতিয়া পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম দুখু, সদস্যসচিব ফরহাদ হাসান, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকছুদের রহমান, হাতিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আকরাম হোসেন, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. ইউনুস ও সাংগঠনিক সম্পাদক মো. আকরাম হোসেন ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হাতিয়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবদুল হালিম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আইয়ুব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্বীপ উপজেলা হাতিয়ায় নানা ধরনের সীমাবদ্ধতার মধ্যেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের পরিচয় দিয়েছে। তাদের এ ফলাফল পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি হাতিয়ার জন্যও গর্বের।
বক্তারা আরও বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠতে হবে। ভবিষ্যতে নিজেদের যোগ্য করে গড়ে তুলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করে ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয় জানায়। অভিভাবক ও শিক্ষকেরাও এমন আয়োজনকে শিক্ষার্থীদের উৎসাহিত করার একটি ভালো উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করার উদ্যোগ থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









