পুলিশ বাহিনীতে নতুন করে ৪ হাজার উপপরিদর্শক (এসআই), ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল সংকট দূর করতে সরকার ৪ হাজার এসআই (নিরস্ত্র) পদ সৃজনের পাশাপাশি ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের উদ্যোগ নিয়েছে। এসব পদ সৃজন হলে রংপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশের জনবল বাড়বে।
তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি পূরণ করা হবে। এ জন্য রাজস্ব বাজেটের আওতায় প্রয়োজনীয় যানবাহন ও জলযান কেনার উদ্যোগ নেওয়া হবে।
এর আগে গত ১০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় পুলিশের সাংগঠনিক কাঠামোর আওতায় বিভিন্ন ইউনিটে গ্রেড-১০-এর ৪ হাজার নিরস্ত্র এসআই পদে নিয়োগের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
দায়িত্ব নেওয়ার পর থেকেই পুলিশের বিভিন্ন পর্যায়ে জনবল সংকটের বিষয়টি তুলে ধরে নতুন নিয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গত ২৬ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছিলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়াতে শিগগিরই ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









