সুনামগঞ্জের ছাতকে মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির নতুন নির্মিত রোপওয়ের (রজ্জুপথ) ট্র্যাসেলসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে। বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে তিনি মরা চেলা নদীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সৃষ্ট ভাঙন ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো ঘুরে দেখেন এবং ছাতক সিমেন্ট ফ্যাক্টরির রোপওয়ের ট্র্যাসেলের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ‘‘নিজস্ব স্বার্থে কেউ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে পারবে না। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে হবে।’’ তিনি অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন।
একই সঙ্গে মরা চেলা নদী এলাকায় নৌ-পুলিশের টহল জোরদার এবং অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা করার জন্য ছাতক সিমেন্ট ফ্যাক্টরি কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, বন বিভাগের বিট কর্মকর্তা কে বিএম ফেরদৌস, নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ সদস্যরা।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, ছাতক সিমেন্ট ফ্যাক্টরির উপ-মহাব্যবস্থাপক কামরুজ্জামান শেখ, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আনোয়ার হোসেন, উপ-ব্যবস্থাপক (নিরাপত্তা) মনিরুল ইসলাম, সহকারী প্রশাসন কর্মকর্তা আব্দুর রহমান, ফ্যাক্টরির সিবিএ বি-৮০-এর সেক্রেটারি শফি উদ্দিন, সিসিএফ সমবায় সমিতির সভাপতি রেজাউল করিম রাজু, আনসার পিসি মনু মিয়া ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
স্থানীয়দের অভিযোগ, মরা চেলা নদীতে দীর্ঘদিন ধরে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীর ও আশপাশের মাটি সরে যাচ্ছে। এতে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির গুরুত্বপূর্ণ রোপওয়ে ট্র্যাসেলসহ রাষ্ট্রীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অবৈধ বালু উত্তোলন দ্রুত বন্ধ করে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









