রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২০ জন, লালবাগে ৪১ জন, ওয়ারীতে ৪৮ জন, মতিঝিলে ৪৮ জন, তেজগাঁওয়ে ৫৯ জন, মিরপুরে ১৫৬ জন, গুলশানে ৫৯ জন, উত্তরা বিভাগে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগে ৪ জন রয়েছেন।
নিয়মিত অভিযানের সময় পুলিশ একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি ও চারটি গুলির খোসা উদ্ধার করেছে। এছাড়া ১০ হাজার ৭১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা ও ৪৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এ ছাড়া একটি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া, একটি জিআই পাইপ, একটি মনিটর, একটি সিপিইউ ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









