আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নতুন করে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন যুক্ত হওয়ায় দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জনে।
ইসি সচিব আখতার আহমেদ আজ সোমবার নির্বাচন ভবনে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ উপলক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, “এ ভোটার নিয়ে আমরা স্থানীয় সরকার নির্বাচনে এগিয়ে যাবে। ৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হয়েছেন তারাই ভোট দিতে পারবেন।”
নতুন তালিকা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৬৭ জন।
গত ১৪ মে প্রকাশিত ভোটার তালিকায় দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এরপর স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার সুযোগ দেওয়া হয়।
৯ অগাস্ট ওই হালনাগাদের খসড়া তালিকা প্রকাশ করা হয়। খসড়া তালিকা নিয়ে দাবি-আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণের পর তা নিষ্পত্তি করে ৩১ অগাস্ট চূড়ান্ত তালিকা প্রকাশের প্রক্রিয়া শেষ করে ইসি।
ভোটকেন্দ্রও চূড়ান্ত-
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকাও চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব।
ইসির নির্দেশনা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনে গড়ে প্রতি ২ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র রাখার পরিকল্পনা রয়েছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন মিলিয়ে সারা দেশে সংসদ নির্বাচনের তুলনায় ২ থেকে ৩ হাজার বেশি ভোটকেন্দ্র হতে পারে বলে এর আগে জানিয়েছিল ইসি।
প্রতি স্তরের স্থানীয় সরকার নির্বাচনের ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্ত করে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।
স্থানীয় সরকার ভোটের প্রস্তুতি-
স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচনের মধ্যে সামনে ১৩টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, প্রায় ৫০০টি উপজেলা, ৬১ জেলা পরিষদ এবং সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে নির্বাচন রয়েছে।
ইসির প্রাথমিক পরিকল্পনায় ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের এই পর্ব শুরু করার কথা রয়েছে।
তফসিল ঘোষণার পর সাধারণত ভোটের জন্য প্রায় দুই মাস সময় রাখা হয়। সে বিষয়টি তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন গত বৃহস্পতিবার বলেন, “শিডিউল যদি সেপ্টেম্বর-অক্টোবরে দিই, ইলেকশনটা আগামী বছরে চলে যাবে। আগামী বছর ইলেকশন করলে আমাকে এ বছর শিডিউল দিতে হবে।”
তিনি বলেন, “আশা করছি, হয়ত আমরা সেপ্টেম্বরে শিডিউলটা ঘোষণা করতে পারব। তাহলে কিছু কিছু বছরের শেষে, কিছু আগামী বছরেও চলে যেতে পারে।”
স্থানীয় ভোটে সহায়তা করবে ইউএনডিপি-
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।
সোমবার সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
স্টিভেন রড্রিগেস বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে তাদের ‘অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় তিনি নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান।
বৈঠকে ইউএনডিপি ও নির্বাচন কমিশনের মধ্যে সহযোগিতা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়।
স্টিভেন রড্রিগেস বলেন, নির্বাচন পরিচালনা ও ব্যবস্থাপনা নির্বাচন কমিশনের মাধ্যমেই সম্পন্ন হয়েছে। তবে ইউএনডিপি, অন্যান্য দাতা সংস্থা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা—যেমন ইউএন উইমেন, ইউএনওডিসি ও ইউনেস্কো—নির্বাচন আয়োজনের কাজে সহায়তা দিয়েছে।
অংশীজনরা সহযোগিতা করলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









