বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে রাজনৈতিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে আলোচনা করেছেন ফ্রান্সের তিন সিনেটর।
রবিবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ফ্রান্সের সিনেটর গিয়োম শেভরোলিয়ে, পিয়েরে-আলাঁ রোয়ারন ও অলিভিয়ে হেনো।
ঢাকায় অবস্থিত ফ্রান্স দূতাবাস জানিয়েছে, তিন সিনেটর তিন দিনের সরকারি সফরে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ঢাকায় পৌঁছান। ফ্রান্স-দক্ষিণ-পূর্ব এশিয়া ও বাংলাদেশ সিনেট ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য হিসেবে তারা বাংলাদেশ সফর করছেন।
বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর ফ্রান্সের কোনো রাজনৈতিক পর্যায়ের প্রতিনিধিদলের এটিই প্রথম সফর। ফলে সফরটিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের রাজনৈতিক ও সংসদীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন ইস্যু এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও মতবিনিময় করেন তারা।
সফরকালে ফরাসি সিনেটররা বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এ সময় দুই দেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
তাদের সফরসূচিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ এবং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও রয়েছে।
এ ছাড়া ফ্রান্সের উন্নয়ন সহযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন সিনেটররা। পাশাপাশি তারা জাদুঘর পরিদর্শন, ঢাকায় বসবাসরত ফরাসি নাগরিকদের সঙ্গে মতবিনিময় এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ক্রিশ্চিয়ান বেক উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









