কারখানাগুলোতে আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত থেকেই সাম্প্রতিক সংকটের অবসান হয়ে সরবরাহ পরিস্থিতি আগের অবস্থায় ফিরতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাসের কথা জানান এফবিসিসিআই প্রশাসক।
মো. ফজলুল হক বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন আগামীকাল রাত থেকেই ইনশাআল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, গ্যাস-বিদ্যুতের ওই অবস্থায় ফিরে যেতে পারব।”
তিনি বলেন, “ব্যবসায়ীদের জন্য আজকের বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি এবং স্বস্তির খবর হলো, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে তৈরি হওয়া সংকট দ্রুত সমাধানের আশ্বাস পাওয়া।”
এর আগে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরও জানিয়েছিলেন, সংকট কাটিয়ে কয়েক দিনের মধ্যে দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরবে।
তিনি বলেন, “সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির ব্যবস্থা করা হচ্ছে। এসব পদক্ষেপের ফলে আগামী কয়েক দিনের মধ্যে গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফিরবে বলে আশা করা হচ্ছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









