জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আপিল করেছে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) চেম্বার আদালতে এ আবেদন করা হয়। ড. ইউনূসের আইনজীবী খাজা তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। সোমবারই আবেদনের ওপর শুনানি হতে পারে।
এর আগে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রায়ে আদালত জানান, আগামী তিন অর্থবছরের মধ্যে গ্রামীণ কল্যাণকে ওই অর্থ পরিশোধ করতে হবে। রিট খারিজ হওয়ায় আয়কর বাবদ প্রতিষ্ঠানটির কাছ থেকে অর্থ আদায়ের সুযোগ পাবে এনবিআর।
মামলার নথি অনুযায়ী, পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত গ্রামীণ কল্যাণের কাছে কর দাবি করে এনবিআর। এর বিরুদ্ধে ২০১৭ সালে প্রতিষ্ঠানটি পৃথক দুটি রিট করে। প্রাথমিক শুনানি শেষে আদালত এ বিষয়ে রুল জারি করেন। পরে গত বৃহস্পতিবার নতুন বেঞ্চ রুল দুটি খারিজ করে দেন।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর গত ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আদায়ের বিষয়ে হাইকোর্টের একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করা হয়। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ ওই রায় প্রত্যাহার করেন। একই সঙ্গে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হলে সেখানেই রিটের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার রায় দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









