আওয়ামী লীগের চলমান কর্মসূচি ও বিভিন্ন অপতৎপরতায় সরকার কিংবা জনগণ মোটেও শঙ্কিত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ ও পার্কিং করে রাখা বাসে অগ্নিসংযোগের ঘটনায় কঠোর সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের তথাকথিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এসব অপতৎপরতা চালানো হয়েছে।”
তিনি বলেন, “ককটেল বিস্ফোরণের ঘটনায় মোটরসাইকেলসহ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। হাইকোর্ট ফটক ও যাত্রাবাড়ীর ঘটনায় জড়িতদেরও ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। এছাড়া বিভিন্ন ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত অন্যদের শনাক্তের কাজ চলছে।”
সালাহউদ্দিন আহমদ বলেন, “এসব অপতৎপরতায় জনগণ ও সরকার মোটেও শঙ্কিত নয়। দেশবাসী ইতোমধ্যে তাদের বর্জন ও প্রত্যাখ্যান করেছে।”
বিরোধী দলের সাম্প্রতিক লংমার্চ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গণতান্ত্রিক সংস্কৃতিতে যেকোনো রাজনৈতিক দলের গঠনমূলক সমালোচনা ও কর্মসূচি পালনের অধিকার রয়েছে। সম্প্রতি চট্টগ্রাম ও উত্তরাঞ্চলে বিরোধী দলের লংমার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এসব কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক সহযোগিতা করেছে।”
তিনি বলেন, “রাজনীতিতে জনমতের মাধ্যমেই সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সরকারের প্রধান দায়িত্ব হলো শান্তিশৃঙ্খলা বজায় রাখা, বিচারহীনতার সংস্কৃতি দূর করা এবং যেকোনো অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা।”
বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি এবং অতীতে দেশীয় গ্যাস অনুসন্ধানে উদাসীনতার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। বিগত আমলের পুঞ্জীভূত সমস্যার কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাময়িক সংকট দেখা দিলেও বর্তমান সরকার দেশের নিজস্ব সম্পদ আহরণে গুরুত্ব দিয়েছে।”
দেশের শিল্পখাতে গ্যাসের ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করতে ২০৩০-৩১ সালের মধ্যে নতুন ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। এরই অংশ হিসেবে তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে দৈনিক ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে।
নিজস্ব প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে বাংলাদেশ দ্রুত গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হবে এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকটের স্থায়ী সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রাজধানীর তেজগাঁওয়ের সাম্প্রতিক ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “গত শুক্রবার নামাজ শেষে একটি মসজিদে গোপন বৈঠক করার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ জনকে আটক করা হয়।”
আটক ব্যক্তিদের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বাকি ব্যক্তিদের বিষয়ে পাওয়া তথ্যের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তারা ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি নতুন উগ্রবাদী সংগঠন গড়ে তোলার চেষ্টা করছিল।”
যেকোনো ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করে রিমান্ডে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









