জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরে সফরসঙ্গী হিসেবে থাকছেন ৩৫ জন।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
পররাষ্ট্র সচিব জানান, আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এতে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, আধুনিক প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয়গুলো তুলে ধরবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউইয়র্ক যাচ্ছেন ৩৫ জন। তাদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এ ছাড়া সফরসঙ্গী হিসেবে থাকছেন দুই রাজনৈতিক দলের নেতা। তারা হলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন।
প্রধানমন্ত্রীর সফরের সময়সীমা নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, “কার্যকর সফরের জন্য যতটুকু সময় প্রয়োজন, ততদিনই নিউইয়র্কে থাকবেন সরকারপ্রধান।”
তিনি জানান, সফরে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ও সুশাসন প্রতিষ্ঠা এবং রোহিঙ্গা সংকটের সমাধানসহ মোট পাঁচটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বাংলাদেশ দুটি সাইডলাইন ইভেন্টেরও আয়োজন করেছে।
সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে আসাদ আলম সিয়াম বলেন, “বহুপক্ষীয় সফরের কর্মসূচিতে অনেক সময় বিভিন্ন বিষয় যোগ-বিয়োগ হতে পারে।”
পররাষ্ট্র সচিব বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। একই অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সভাপতির দায়িত্ব পালন করবেন। এটিকে বাংলাদেশের জন্য বিরল ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে।”
তিনি বলেন, “একদিকে এটি বিশেষ মর্যাদা ও গৌরবের বিষয়, অন্যদিকে বর্তমান সরকারের জন্য জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে এটিই প্রথম অংশগ্রহণ। এই সফরের মাধ্যমে বিশ্ববাসীর সামনে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরার সুযোগ তৈরি হবে।”
সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। নিউইয়র্কের কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে তার দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









