নভেম্বর-ডিসেম্বরে ভোট আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসে আগামী বছরের জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
রবিবার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইসি মাছউদ বলেন, “আগামী ১২ নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর যে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল, সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নভেম্বর ও ডিসেম্বরে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার এবং শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে ওই সময়ে ভোট আয়োজন করা সম্ভব হচ্ছে না।”
তিনি জানান, এসব বিষয় বিবেচনায় নিয়ে আগামী বছরের জানুয়ারিতে ইউপি নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন।
এর আগে নির্বাচন কমিশন নভেম্বরের মাঝামাঝি থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা জানিয়েছিল। প্রাথমিক পরিকল্পনায় প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ১২ নভেম্বর ভোট নেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল।
এদিকে ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে ইসির যে সংলাপ হওয়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে বলে জানান ইসি মাছউদ।
তবে ইউপি নির্বাচনের নতুন তফসিল কবে ঘোষণা করা হবে, সে বিষয়ে এখনো কোনো সময়সূচি জানায়নি নির্বাচন কমিশন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









