দিনভর অন্যের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করেন আমিনুর শেখ। সেই আয়েই চলে সংসার। ছেলে-মেয়েদের পড়াশোনা, পরিবারের ভরণপোষণ আর অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হয় তাকে।
সংসারে একটু স্বচ্ছলতা ফেরানোর আশায় কষ্টের জমানো টাকা দিয়ে উন্নত জাতের কয়েকটি ছাগল কিনেছিলেন আমিনুর। স্বপ্ন ছিল, ছাগলগুলো বড় হলে বিক্রি করে কিছু টাকা আয় করবেন। সেই টাকা দিয়ে সন্তানদের পড়াশোনার খরচ মেটাবেন, কমাবেন সংসারের চাপ।
কিন্তু রাতের আগুনে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে সেই স্বপ্ন। আগুনে মারা গেছে আমিনুর শেখের পাঁচটি ছাগল। পুড়ে গেছে ছাগলের ঘর ও রান্নাঘরও।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাপ্তা গ্রামের মধ্যপাড়া এলাকায় আমিনুর শেখের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, রাতে গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় পাশের রান্নাঘরেও আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় গোয়ালঘর থেকে তিনটি জীবিত ও পাঁচটি পুড়ে যাওয়া ছাগল উদ্ধার করা হয়।
কাশিয়ানী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রনেন্দ্রনাথ চৌধুরী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, অগ্নিকাণ্ডে আমিনুর শেখের প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এক রাতের আগুনে শুধু ঘর কিংবা রান্নাঘরই নয়, সংসারে স্বচ্ছলতা ফেরানোর জন্য দরিদ্র আমিনুর শেখের কষ্টের জমানো টাকায় কেনা পাঁচটি ছাগলের সঙ্গে পুড়ে গেছে তার স্বপ্নও।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









