সিলেটে নতুন শিল্প-কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার সম্ভাবনা কাজে লাগাতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে এলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও জানান তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সিলেটে কোন কোন খাতে নতুন শিল্প ও ব্যবসার সুযোগ রয়েছে, তা ব্যবসায়ীদের সম্মিলিতভাবে চিহ্নিত করে পরিকল্পনা নিতে হবে। শুধু সভা-সমাবেশ নয়, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে ব্যবসায়ীদের নিজেদের মধ্যে সমন্বয় ও ঐক্যও জরুরি।
ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ যথাযথভাবে তুলে ধরতে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংগঠন পরিচালনা করা প্রয়োজন। নির্বাচিত নেতৃত্ব থাকলে ব্যবসায়ীদের প্রকৃত প্রত্যাশা আরও কার্যকরভাবে প্রতিফলিত হবে।
সিলেটের রাজনৈতিক সম্প্রীতি, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এখানে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির যথেষ্ট সুযোগ রয়েছে। মেলা ও বাণিজ্যিক আয়োজনগুলোও সংশ্লিষ্ট সবার সমন্বয়ে নিয়ম-শৃঙ্খলার মধ্যে পরিচালনা করা প্রয়োজন।
অনুষ্ঠানে সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সমাজকর্মী ও নারী উদ্যোক্তা শামা হক চৌধুরী, বিএনপি নেতাসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও অতিথিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









