ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সোমবার (৫ অক্টোবর) তানজানিয়ার আরুশায় আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। জাতীয় সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এপিজির চেয়ারম্যানের দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপে মোট ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এই গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার ফলে আইপিইউতে এ অঞ্চলের সংসদগুলোর প্রতিনিধিত্ব ও সমন্বয়ে বাংলাদেশের আরও সক্রিয়ভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।
এর আগে রবিবার (৪ অক্টোবর) ১৫৩তম আইপিইউ অ্যাসেম্বলিতে অংশ নিতে ঢাকা ছাড়েন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তানজানিয়ার আরুশায় ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









