প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপানের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
রবিবার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের বিষয়টিও আলোচনায় আসে।
মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ সময় তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগের জন্য মারুবেনি করপোরেশনকে স্বাগত জানান।
বাংলাদেশের সঙ্গে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের পাটজাত পণ্যের ব্যবসায়িক সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বিদ্যমান সম্পর্ক সম্প্রসারণের পাশাপাশি নতুন নতুন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। জবাবে মারুবেনির প্রতিনিধিরা জানান, বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনাকে তারা গুরুত্বসহকারে বিবেচনা করছেন।
বৈঠকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা এবং এ খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে প্রকৌশলে স্নাতকদের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় আরও দক্ষ করে তুলতে সরকারের পরিকল্পনার বিষয়টি উঠে আসে।
বৈঠকে বলা হয়, দক্ষ জনশক্তি, প্রযুক্তিগত সক্ষমতা ও প্রতিযোগিতামূলক সেবার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্র হয়ে উঠতে পারে।
১ বছরের মধ্যে বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি তথ্যকেন্দ্র চালুর পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। এ খাতে মারুবেনি করপোরেশন গভীর আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি কৃষিপ্রধান বাংলাদেশে কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে প্রতিষ্ঠানটির বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা।
বৈঠকে চট্টগ্রামের কর্ণফুলী সার কারখানায় মারুবেনি করপোরেশনের বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণ এবং দেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ইতিবাচক আগ্রহ প্রকাশ করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি কার্যকর হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ সরকারের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান।
মারুবেনি করপোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশের প্রধান প্রতিনিধি মানাবু সুগাওয়াড়া।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









