অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্টে হারলেও দ্বিতীয় টেস্টে ইনিংসে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতেই উত্তেজনায় ফুটছে তারা। আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার হুঁশিয়ারি দিয়েছেন এডেন মার্করাম।
তার দাবি, আরও একবার ট্রফি ঘরে তোলার ক্ষমতা রয়েছে সাউথ আফ্রিকার। ঘটনাচক্রে, গতবারের ফাইনালে অস্ট্রেলিয়াকেই হারিয়েছিল সাউথ আফ্রিকা।
মঙ্গলবার থেকে শুরু তৃতীয় টেস্ট। মার্করামের আশা, এই টেস্ট জিতে তারা ফাইনালের দিকে আর একধাপ এগিয়ে যেতে পারবেন। গত বছর ফাইনালে ভালো খেলেছিলেন মার্করাম। আবার ভাল খেলার ব্যাপারে আশাবাদী তিনি।
দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার বলেন, “আমার মতে, আর একবার ফাইনালে উঠতে পারি। গতবার আমাদের ফাইনালে ওঠা নিয়ে অনেকে অনেক কথা বলেছিল। তাই আরও একটা ফাইনালে ওঠার জন্য এখন দলের মধ্যে আলাদা খিদে তৈরি হয়েছে। কারণ এবার ফাইনালে ওঠার পথ অনেক কঠিন।”
এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তিনে রয়েছে সাউথ আফ্রিকা। অস্ট্রেলিয়া সিরিজের পর ঘরের মাঠে বাংলাদেশ এবং ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি টেস্ট খেলবে তারা। সেগুলিতে ভাল ফল করলে আবারও ফাইনালে উঠতেই পারে।
মার্করাম বলেছেন, “এবারের গ্রীষ্মকাল দুর্দান্ত হতে চলেছে। কিছু শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলব। ফলে ফাইনালে ওঠার তাগিদও রয়েছে।”
শুধু টেস্ট নয়, পরের বছর দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ জেতাও স্বপ্ন মার্করামের। এখনও তারা দেশের মাটিতে বড় কোনও ট্রফি জিততে পারেনি।
মার্করাম বলেছেন, “দেশের মাটিতে বিশ্বকাপ আমাদের কাছে বিরাট একটা সুযোগ। বিশেষ কিছু করে দেখাতে চাই ওই প্রতিযোগিতায়।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









