ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে জয়ী হয়ে বাজিমাত করার পর এবার নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন তরুণ রাজনীতিবিদ ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানান।
পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব, ইনশাআল্লাহ।’
ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে সর্বশেষ নির্বাচন হয় ২০২০ সালের ১ ফেব্রুয়ারি। নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন।
ইশরাক হোসেন ঢাকা-৬ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই নতুন মন্ত্রিসভায় তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বও পেয়েছেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার। এরপর ২০২৫ সালের ২৭ মার্চ একটি নির্বাচনি ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ওই সিটি নির্বাচনে জয়ী ঘোষণা করেন। ইশরাককে মেয়র ঘোষণা করে পরের মাস ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে ইসি। তবে বিভিন্ন ‘নিয়মতান্ত্রিক জটিলতায়’ মেয়রের চেয়ারে বসতে পারেননি বিএনপির এই নেতা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









