কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আখতারুজ্জামান রঞ্জন বলেন, “আমার বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে বুধবার রাত ৮টার দিকে গচিহাটা বাজারে বুকে ছুরিকাঘাত করা হয়েছে।”
স্থানীয়রা জানান, অজ্ঞাত এক লোক রানার বুকের ডান পাশে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত শাহরিয়ার জামানকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
রানার বাবা আখতারুজ্জামান রঞ্জন বলেন, তিনি ঢাকায় অবস্থান করছেন। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।
কটিয়াদী থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনায় জড়িত এবং কী কারণে ঘটনাটি ঘটেছে- তা প্রাথমিকভাবে জানা যায়নি।”
জড়িতদের আটক করতে ও ঘটনার কারণ জানতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান ওসি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









