তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিক পক্ষ। তবে মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় মালিকপক্ষ কোনো প্রস্তাব জমা দেয়নি। নিজেদের মধ্যে আলোচনা করে প্রস্তাব দিতে তারা এক সপ্তাহ সময় চেয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে এসব তথ্য জানানো হয়।
সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, মালিকপক্ষকে আগামী চার কর্মদিবসের মধ্যে মজুরির প্রস্তাব জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব দিতে না পারলে বোর্ড নিজ উদ্যোগেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন জানান, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলমান থাকায় সব মালিকের সঙ্গে আলোচনা করে প্রস্তাব সংগ্রহ করা সম্ভব হয়নি। এ কারণে তারা এক সপ্তাহ সময় চেয়েছেন। অন্যদিকে শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির পক্ষে বিভিন্ন তথ্য ও যুক্তি তুলে ধরেন।
এর আগে সভা শুরুর আগে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানায় শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। এ দাবির পাশাপাশি মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন, ৫০ শতাংশ বাড়িভাড়া এবং ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের পাঁচটি জোট এ বিষয়ে মজুরি বোর্ডে স্মারকলিপি জমা দেয়।
স্মারকলিপিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়সহ মোট ১২টি মানদণ্ড বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো তৈরির আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সরকারি বেতন কাঠামো, এশিয়ার বিভিন্ন দেশের ন্যূনতম মজুরি এবং কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের বেতন কাঠামো পর্যালোচনার প্রস্তাবও দেওয়া হয়।
শ্রমিক প্রতিনিধিদের ভাষ্য, দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবনমান ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবসম্মত মজুরি কাঠামো প্রয়োজন। এ ক্ষেত্রে ২০০৬ সালের মজুরি কাঠামোর আদলে মোট বেতনের ৬০ শতাংশ মূল বেতন রাখার প্রস্তাব করেছেন তারা।
তাদের যুক্তি, মূল বেতনের অনুপাত কম হলে ওভারটাইমের পারিশ্রমিক এবং চাকরি শেষে প্রাপ্য সার্ভিস বেনিফিটের পরিমাণও কমে যায়। বিশেষ করে দীর্ঘদিন কর্মরত শ্রমিকেরা এতে আর্থিক ক্ষতির মুখে পড়েন।
এ ছাড়া বাড়িভাড়া মোট মজুরির ৫০ শতাংশ নির্ধারণের পাশাপাশি খাদ্য ও পুষ্টিসামগ্রীর মূল্যবৃদ্ধি, বাজারদর এবং বার্ষিক মূল্যস্ফীতি বিবেচনায় ১৫ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়ার দাবি জানানো হয়েছে।
শ্রমিক প্রতিনিধিরা আরও জানান, ডাইং ও নিট খাতের শ্রমিকদের নির্দিষ্ট দাবিগুলো বিবেচনায় নিয়ে আজকের সভার পর অতিরিক্ত আটটি প্রস্তাব যুক্ত করা হবে। তাদের মতে, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক শ্রমবাজারের প্রতিযোগিতামূলক পরিস্থিতি বিবেচনায় রেখেই নতুন মজুরি কাঠামো তৈরি করা প্রয়োজন।
এদিকে ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা নির্ধারণের দাবিতে মজুরি বোর্ড কার্যালয়ের সামনে সড়কে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









