দেশজুড়ে বর্তমানে ছোট ও মাঝারি খাতের ৩৮১টি শিল্পকারখানা বন্ধ রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত নতুন করে ২২টি বন্ধ কারখানা চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে এ তথ্য জানান শিল্পমন্ত্রী।
অধিবেশনে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এক প্রশ্নে জানতে চান, তার সংসদীয় এলাকার শ্যামপুর শিল্পাঞ্চলে মোট কতটি কারখানা রয়েছে, এর মধ্যে কতটি চালু ও কতটি বন্ধ এবং বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান বাড়াতে সরকারের পরিকল্পনা কী।
জবাবে শিল্পমন্ত্রী জানান, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরী ও শিল্পপার্ক প্রতিষ্ঠা করে। এসব এলাকায় বেসরকারি উদ্যোক্তারা প্লট বরাদ্দ নিয়ে কারখানা গড়ে তোলেন। তবে বিসিক শিল্পনগরীর বাইরের কারখানাগুলো সংস্থাটির আওতাভুক্ত নয়। এ কারণে ঢাকা-৪ সংসদীয় এলাকার শ্যামপুর শিল্পাঞ্চলের সব কারখানার সঠিক পরিসংখ্যান বিসিকের কাছে নেই।
মন্ত্রী জানান, সারা দেশে বিসিকের প্রতিষ্ঠিত ৮৪টি শিল্পনগরীতে মোট ১১ হাজার ৭৪৮টি শিল্প প্লট রয়েছে। এসব প্লটে বেসরকারি উদ্যোক্তারা ৬ হাজার ৩৪৪টি শিল্পকারখানা স্থাপন করেছেন। এর মধ্যে বর্তমানে ৩৮১টি কারখানা বন্ধ রয়েছে।
বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগের অংশ হিসেবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত ২২টি কারখানা নতুন করে চালু করা হয়েছে বলেও জানান তিনি।
শ্যামপুর শিল্পাঞ্চল সম্পর্কে শিল্পমন্ত্রী আরও জানান, ওই এলাকায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) তথা শিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন দুটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠান দুটিই বন্ধ রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








