দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনসেবা সহজ করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন পৌরসভা গঠনের ক্ষেত্রে বগুড়ার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা পৌরসভা’ এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর পৌরসভা’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে।
অন্যদিকে, ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রাখতে ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে গঠিত নতুন চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। আগে মটবী ও চরচামিতা মৌজায় সদর দপ্তর স্থাপনের প্রস্তাব থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় এটি স্থাপন করা হবে।
একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত নতুন বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজা থেকে সরিয়ে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাবগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে উত্থাপন করা হয়েছে। অন্যদিকে, নতুন পৌরসভা গঠন এবং উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








