গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির পর এবার জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। তাঁদের সবাইকে কিশোরগঞ্জ জেলায় পদায়ন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান।
আদেশে উল্লেখ করা হয়, গোপালগঞ্জের এই তিন থানার ওসিকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।
এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি গোপালগঞ্জে দিনভর বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়।
একের পর এক প্রশাসনিক ও পুলিশি পদে রদবদলের ঘটনায় গোপালগঞ্জজুড়ে আলোচনা তৈরি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








