পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বাটনাতলা রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, পাঁচটি বসতঘর ও একটি মন্দির পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্তরা। আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন একাধিক ব্যবসায়ী ও দুটি পরিবারের সদস্যরা। এদিকে, এগারগ্রাম এলাকার একটি সেতু ভাঙা থাকায় বিকল্প পথে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান ভোর ৫টার দিকে। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, বাজারের একটি খাবারের হোটেল ও ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাজারের ব্যবসায়ী সুদর্শন বড়াল জানান, মইনুলের রেস্টুরেন্ট ও তপনের ফার্মেসির দিক থেকে প্রথমে আগুনের কুণ্ডলী দেখতে পান স্থানীয় কয়েকজন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই বাজারের খালের পাশের সারিবদ্ধ দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলেন। রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে বাজারে আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখেন চারদিকে আগুন জ্বলছে। এতে তাঁর নিজের প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
অপর ব্যবসায়ী পরিমল জানান, একটি রেস্টুরেন্ট ও ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাঁরা ধারণা করছেন। মধ্যরাতে আগুন লাগার পর ভোর পর্যন্ত স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। বাজারের অন্য পাশে তাঁর দোকান থাকায় সেটি রক্ষা পেয়েছে। তবে অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়েছেন।
বাজারের সাবেক সভাপতি সম্রাট সরদার বলেন, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। ভোর ৫টা পর্যন্ত স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পরও তারা সময়মতো পৌঁছাতে পারেনি। তাঁর দাবি, দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারলে হয়তো পাঁচ থেকে সাতটি দোকান রক্ষা করা সম্ভব হতো।
তিনি আরও বলেন, আগুনে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, পাঁচটি বসতঘর ও একটি মন্দির পুড়ে গেছে। দোকানের পাশাপাশি বসতঘর হারিয়ে দুটি পরিবারের সদস্যরা এখন এক কাপড়ে রয়েছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মইনুল হক রাসেল বলেন, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুটি পরিবারের বসতঘরসহ দোকানপাট পুড়ে যাওয়ায় তাঁরা চরম অসহায় অবস্থায় পড়েছেন। এগারগ্রাম এলাকায় সেতু ভাঙা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। সময়মতো পৌঁছাতে পারলে ক্ষয়ক্ষতি কিছুটা কমানো সম্ভব হতো বলে তিনি মনে করেন।
এ বিষয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার মো. মনিরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। কিন্তু গুয়ারেখা ইউনিয়নের এগারগ্রাম এলাকার সড়কের একটি সেতু ভাঙা থাকায় সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। পরে বানারীপাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় ছোট গাড়ি নিয়ে বিকল্প পথে ঘটনাস্থলে পৌঁছাতে ভোর ৫টা বেজে যায়। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








