ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা স্টেশন লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে অফিস কক্ষের কাঠের দরজায় আগুন ধরে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা স্টেশনের অফিস কক্ষের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে ওই সময় অফিসের ভেতরে থাকা কর্মচারীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
তিনি আরও জানান, হামলার সময় অফিস কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ফলে ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, রাতে বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








