কীর্তনখোলা নদীর তীরে সবুজে ঘেরা দৃষ্টিনন্দন স্থাপনা। নতুন চেয়ার বসানো গ্যালারি, আধুনিক প্যাভিলিয়ন, মিডিয়া ভবন, তিনতলা হোস্টেল আর সচল ফ্লাডলাইট সব মিলিয়ে নতুন এক রূপ পেয়েছে বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম। প্রায় পাঁচ বছর ধরে সংস্কারকাজ চলার পর ৬৫ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা স্টেডিয়ামটি এখন বড় ক্রিকেট আয়োজনের জন্য প্রস্তুত। আগামী ১৫ ডিসেম্বর ডি-থ্রি ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও সরব হতে যাচ্ছে মাঠটি।
স্টেডিয়ামের এমন পরিবর্তনে উচ্ছ্বসিত বরিশালবাসী। তাঁদের প্রত্যাশা, এই মাঠ ঘিরেই দক্ষিণাঞ্চলে নতুন করে জেগে উঠবে ক্রিকেটের সম্ভাবনা। কিন্তু সেই সম্ভাবনার পথেই রয়েছে নানা বাধা। স্থানীয় খেলোয়াড় ও সংগঠকদের অভিযোগ, অনুশীলনের উপযুক্ত মাঠ নেই, নিয়মিত প্রতিযোগিতা হয় না, খেলোয়াড় নির্বাচনে প্রভাব ও পক্ষপাতের অভিযোগ রয়েছে। ফলে দৃষ্টিনন্দন স্টেডিয়াম তৈরি হলেও বরিশাল থেকে নতুন ক্রিকেটার উঠে আসার পরিবেশ গড়ে উঠছে না। তাঁদের প্রশ্ন, মাঠের উন্নয়ন হলো, এবার স্থানীয় ক্রিকেটের উন্নয়ন হবে কবে?
সরেজমিনে দেখা গেছে, সংস্কারের পর স্টেডিয়ামটির অবকাঠামোগত চেহারায় এসেছে বড় পরিবর্তন। গ্যালারিতে বসানো হয়েছে নতুন চেয়ার। সংস্কার করা হয়েছে প্যাভিলিয়ন ও মিডিয়া ভবন। নির্মাণ করা হয়েছে তিনতলা হোস্টেল। পাশাপাশি সচল করা হয়েছে ফ্লাডলাইট। নতুন চেয়ার স্থাপনের পর স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা প্রায় ২২ হাজারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ক্রীড়া সংস্থার একটি সূত্র।
২০২১ সালে শুরু হওয়া সংস্কারকাজের অগ্রগতি সম্পর্কে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস কোহিনুর এন্টারপ্রাইজের সহকারী প্রকৌশলী মো. রায়হান গাজী বলেন, স্টেডিয়ামের প্রায় ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে। সৌন্দর্য ও অবকাঠামোগত দিক থেকে এটি দেশের অন্যান্য স্টেডিয়ামের তুলনায় কোনো অংশে কম নয়। আগামী ১২ ডিসেম্বর সব কাজ শেষ করে স্টেডিয়ামটি হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।
এক পাশে কীর্তনখোলা নদীর জলরাশি, অন্য পাশে সবুজ খেলার মাঠ। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিক স্থাপত্যে স্টেডিয়ামটি যেন হয়ে উঠেছে বরিশালের অন্যতম আকর্ষণীয় ক্রীড়া স্থাপনা। দীর্ঘদিন পর নতুন সাজে মাঠটি ফিরে পাওয়ায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা। ১৫ ডিসেম্বর ডি-থ্রি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলে সেই প্রত্যাশার বাস্তব প্রতিফলন দেখা যাবে।
তবে স্থানীয় ক্রিকেটারদের কাছে স্টেডিয়ামের সৌন্দর্যের চেয়ে বড় প্রশ্ন এখন খেলার সুযোগ পাওয়া। তাঁদের অভিযোগ, মাঠের পারফরম্যান্সের চেয়ে পরিচিতি ও প্রভাব অনেক সময় বেশি গুরুত্ব পাচ্ছে। বড় দল কিংবা টুর্নামেন্টে জায়গা পেতে ফোনকলের প্রয়োজন হয়, এমন অভিযোগও রয়েছে তাঁদের। এতে প্রতিভাবান ও উদীয়মান ক্রিকেটাররা পিছিয়ে পড়ছেন। খেলোয়াড় নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করে যোগ্যতার ভিত্তিতে দল গঠনের দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয় ক্রিকেটার শচী চৌধুরী বলেন, ক্রিকেটে একজন খেলোয়াড়ের মূল্যায়ন হওয়া উচিত তাঁর পারফরম্যান্স দিয়ে। কিন্তু বড় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে অনেক সময় পরিচিতি ও যোগাযোগের বিষয়টি সামনে আসে বলে অভিযোগ রয়েছে। এতে ভালো খেলেও অনেক উদীয়মান ক্রিকেটার নিজেদের প্রমাণ করার সুযোগ পান না। খেলোয়াড় নির্বাচনে ফোনকল বা ব্যক্তিগত প্রভাব বন্ধ করে মাঠের পারফরম্যান্সকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি স্থানীয় ক্রিকেটারদের বেশি সুযোগ এবং দলগুলোর জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।
বরিশাল জেলা দলের খেলোয়াড় মাইনুল ইসলাম সুজনের অভিযোগ, প্রায় ১০ বছর ধরে এ অঞ্চলে উল্লেখযোগ্যসংখ্যক নতুন ক্রিকেটার তৈরি হয়নি। দল নির্বাচনে পক্ষপাতের কারণে যোগ্য খেলোয়াড়েরা সুযোগ হারাচ্ছেন। তাঁর মতে, স্থানীয় ক্রিকেটের উন্নয়নে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, প্রতিভাবান খেলোয়াড়দের যথাযথ মূল্যায়ন এবং প্রশিক্ষণের সুযোগ বাড়ানো জরুরি।
জেলা দলের আরেক খেলোয়াড় জহিরুল ইসলাম রকিও স্থানীয় ক্রিকেটারদের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, শুধু বড় টুর্নামেন্ট আয়োজন করলেই ক্রিকেটের উন্নয়ন হবে না, স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি অনুশীলন ও খেলার পরিবেশ উন্নত করতে হবে।
বয়সভিত্তিক জাতীয় দলের খেলোয়াড় সানিম চৌধুরীর মতে, বরিশালের ক্রিকেটের অন্যতম বড় সংকট অনুশীলনের মাঠ। তিনি বলেন, টার্ফ উইকেটে অনুশীলন ও নিয়মিত ক্রিকেট চর্চার জন্য আলাদা মাঠ নেই। মূল স্টেডিয়ামটি বিসিবির অধীনে থাকায় সেখানে ঘরোয়া লীগ আয়োজনের সুযোগও সীমিত। ফলে খেলোয়াড়েরা নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতার মধ্যে থাকার সুযোগ পাচ্ছেন না। নতুন মাঠ তৈরি এবং প্রশিক্ষণের উপযুক্ত পরিবেশ নিশ্চিত না হলে শুধু বড় ম্যাচ আয়োজন করে স্থানীয় ক্রিকেটের উন্নয়ন সম্ভব নয়।
বরিশাল ফরমার ক্রিকেটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মীর হাসান মোরশেদ সুমনের অভিযোগ, খেলোয়াড় নির্বাচনের পাশাপাশি কোচ ও ম্যানেজার নিয়োগের ক্ষেত্রেও বিসিবির গঠনতন্ত্র যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। তাঁর মতে, ক্রিকেটের উন্নয়নে দায়িত্বশীল ব্যক্তিদের নিয়োগ ও খেলোয়াড় বাছাইয়ে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।
বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু বলেন, একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি সেখান থেকে ভালো খেলোয়াড় তৈরি হওয়াও জরুরি। আসন্ন টুর্নামেন্টে স্থানীয় খেলোয়াড়েরা যেন বেশি সুযোগ পান, সেটি নিশ্চিত করতে হবে। বিভিন্ন অঞ্চল থেকে পেশাদার খেলোয়াড় এনে দল গঠন করলে স্থানীয় প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ কমে যায়। ক্রিকেটার তৈরি করতে হলে তৃণমূল পর্যায় থেকে কাজ শুরু করতে হবে।
স্থানীয় ক্রিকেটের এসব অভিযোগের বিষয়ে বিসিবির পরিচালক ও বরিশাল বিভাগের খেলোয়াড় নির্বাচনের সমন্বয়কারী মিজানুর রহমান বলেন, এবার স্থানীয় খেলোয়াড়দের নিয়েই দল গঠন করা হয়েছে। দলে বরিশালের আটজন খেলোয়াড় রয়েছেন। তাঁদের নিয়ে তিনি আশাবাদী।
তবে বিসিবির বরিশাল জেলা ক্রিকেট কাউন্সিলর মঈনুদ্দীন রুবেল মনে করেন, স্থানীয় ক্রিকেটের সংকটের শিকড় আরও গভীরে। তিনি বলেন, খেলোয়াড় বাছাইয়ের প্রক্রিয়া প্রায় ১০ বছর বন্ধ ছিল। এখানকার মূল সমস্যা হলো মাঠ, প্রশিক্ষণের জায়গা ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাব। তাঁর অভিযোগ, ক্রীড়াঙ্গনকে ব্যবসার কেন্দ্রে পরিণত করা হয়েছে। একটি শ্রেণি রাজধানী থেকে এসে ঝলমলে স্টেডিয়ামে প্রদর্শনী করে চলে যেতে চায়। ঢাকার খেলোয়াড় দিয়ে বরিশালের দল পরিচালনা করা হলে স্থানীয় খেলোয়াড়দের ভবিষ্যৎ কী হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
অন্যদিকে স্টেডিয়ামের সংস্কারকাজের দীর্ঘসূত্রতা নিয়েও প্রশ্ন রয়েছে। বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান শাহনিয়ান তানিম মনে করেন, একটি স্টেডিয়ামের সংস্কারকাজ শেষ করতে এত দীর্ঘ সময় লাগার কথা নয়। এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক জাহিদ পারভেজ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংস্কারকাজ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।
শুধু দেশীয় ক্রিকেট আয়োজন নয়, ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটের ভেন্যু হিসেবেও বরিশালকে গড়ে তোলার স্বপ্ন দেখছেন স্থানীয় ক্রীড়া সংগঠকেরা। তবে এ জন্য মাঠ ও গ্যালারির উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক মানের হোটেল, উন্নত যোগাযোগব্যবস্থা এবং নিয়মিত বিমান চলাচলের মতো সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।
সব মিলিয়ে ৬৫ কোটি টাকার সংস্কারে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম পেয়েছে নতুন অবয়ব। কীর্তনখোলার তীরে দাঁড়িয়ে থাকা এই আধুনিক স্থাপনা নিঃসন্দেহে বরিশালের ক্রীড়াঙ্গনের জন্য বড় অর্জন। কিন্তু একটি স্টেডিয়ামের প্রকৃত সাফল্য শুধু তার গ্যালারির সৌন্দর্য কিংবা দর্শক ধারণক্ষমতায় সীমাবদ্ধ নয়, সেই মাঠ থেকে কতজন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসছেন, সেটিও গুরুত্বপূর্ণ।
বরিশালের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, ১৫ ডিসেম্বরের টুর্নামেন্ট শুধু বড় আয়োজনের প্রত্যাবর্তন নয়, স্থানীয় ক্রিকেটের নতুন যাত্রারও সূচনা করবে। যে মাঠ একসময় আন্তর্জাতিক ক্রিকেটের স্বপ্ন দেখাবে, সেই মাঠেই যেন তৈরি হয় আগামী দিনের জাতীয় দলের ক্রিকেটার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








