শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শফিকুর রহমানের সম্মতি পেলে চিঠিটি প্রকাশ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৭:৫১ পিএম

আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৭:৫১ পিএম

শফিকুর রহমানের সম্মতি পেলে চিঠিটি প্রকাশ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সম্প্রতি বিরোধীদলীয় নেতার প্যাডে নিজের স্বাক্ষরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে একটি চিঠি দেন। সেই চিঠিতে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে মন্ত্রীর পদমর্যাদায় মন্ত্রণালয়ে পদায়নের জন্য অনুরোধ করেন তিনি। শফিকুর রহমান চাইলে তার আলোচিত সেই চিঠিটি প্রকাশ করতে প্রস্তুত রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় ওই চিঠি নিয়ে সংবাদ প্রতিবেদন দেখার পর কিছু বিষয় স্পষ্ট করতে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, জামায়াতের কারো সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর ফোনে কোনো কথা হয়নি।

এ বিষয়ে মঙ্গলবার একটি জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আলোচনা তৈরি হলে জামায়াত এক ব্যাখ্যায় জানায়, উপদেষ্টা মাহমুদুল হাসান জামায়াতের আমিরের নির্দেশনার বাইরে গিয়ে চিঠিতে মন্ত্রীর পদমর্যাদা-সংক্রান্ত অংশটি যুক্ত করেছিলেন। বিষয়টি নজরে আসার পর মাহমুদুল হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ নিয়ে প্রকাশিত একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের ফোনালাপের বিষয় আসায় তার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এ ধরনের কোনো ফোনালাপ আদৌ সংঘটিত হয়নি।

যে চিঠি নিয়ে এই আলোচনা, সেটির প্রেক্ষাপট ও বিষয়বস্তু সম্পর্কেও বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ২২ ফেব্রুয়ারি মোহাম্মদ মাহমুদুল হাসান সংসদে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি পাঠান। প্রথমে ইলেকট্রনিক মাধ্যমে এবং পরে সরাসরি তিনি পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠিটি হস্তান্তর করেন। চিঠিটি বিরোধীদলীয় নেতার জাতীয় সংসদের প্যাডে লেখা ছিল এবং এর নিচে কেবল বিরোধীদলীয় নেতারই স্বাক্ষর রয়েছে।

চিঠির বিষয়বস্তু সম্পর্কে বিবৃতিতে বলা হয়, মাহমুদুল হাসানকে ‘বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা’ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদায় নিয়োগের সুপারিশ করা হয়েছে সেখানে। চিঠিতে বিরোধীদলীয় নেতা ড. হাসানের দক্ষতা, পেশাদারত্ব ও বিচক্ষণতার প্রশংসা করেন। দেশের পররাষ্ট্রনীতিকে একত্রে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তাকে উল্লিখিত পদে পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিরোধীদলীয় নেতা লিখিতভাবে সম্মতি প্রদান করলে চিঠিটির পূর্ণাঙ্গ পাঠ জনসমক্ষে প্রকাশ করতে তারা প্রস্তুত রয়েছে।

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.