মাটি কেটে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া খাল খননের মাধ্যমে এই কর্মসূচি শুরু করেন তিনি। এ সময় খালপাড়ে একটি বৃক্ষ রোপণ করেন প্রধানমন্ত্রী।
বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা হাতে নিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রথম পর্যায়ে দেশের ৫৪টি স্থানে এ কর্মসূচি শুরু হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে।
এর আগে, কর্মসূচি উদ্বোধন করতে সকালে ঢাকা থেকে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে সকাল ১০টা ২০ মিনিটে বুলেটপ্রুফ বাসে করে দিনাজপুরের কাহারোল উপজেলার উদ্দেশ্যে রওনা হন তিনি। এ সময় বিমানবন্দরে তাকে একনজর দেখতে ভিড় করেন বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমানের আগমন উপলক্ষে কাহারোল উপজেলার বলরামপুরে উৎসবের আমেজ বিরাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









