জাতীয় সংসদের কার্যক্রম আরও গতিশীল করতে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ ইস্যুটি বিশেষ গুরুত্ব পেয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকালে জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিন বেলা ১১টায় বৈঠকে সভাপতিত্ব করেন সরকার দলীয় চিফ হুইপ ও কমিটির সভাপতি নুরুল ইসলাম মণি। সভায় বিরোধী দলীয় উপনেতা ডা. আবদুল্লাহ তাহেরসহ কমিটির ১১ জন সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সরকারদলীয় চিফ হুইপ মো. নুরুল ইসলাম মণি সাংবাদিকদের বলেন, ‘সংসদ সদস্যদের কাজের সুবিধার জন্য তাদের সংসদের কাছাকাছি থাকা প্রয়োজন। আমরা চেষ্টা করছি, যাতে সব সদস্যকে আবাসনের আওতায় আনা যায়। আশা করছি, ১০ এপ্রিলের মধ্যে এই বরাদ্দ প্রক্রিয়া শেষ হবে।’
নুরুল ইসলাম মণি বলেন, ‘আগামী ৩০ মার্চ হাউস কমিটির আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। বরাদ্দকৃত বাসাগুলো সংসদ সদস্যরা নিজেরাই ব্যবহার করবেন—এমনটাই প্রত্যাশা করছে কমিটি। আবাসন সুবিধার পাশাপাশি সংসদ সদস্যদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









