গ্রাহকদের দীর্ঘদিনের অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে এই চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছিল। গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে এবং একটি জনবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে আমরা মিটার চার্জ সম্পূর্ণভাবে তুলে দিচ্ছি। এখন থেকে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের আর মাসিক অতিরিক্ত চার্জ দিতে হবে না।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ বাবদ কেটে নেওয়া হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরেই গ্রাহকদের প্রশ্ন ছিল-মিটারের প্রকৃত মূল্য আদায়ের পরও কেন অতিরিক্ত অর্থ কাটা হচ্ছে।
বিদ্যুৎ মন্ত্রণালয় জানায়, অতীতে মিটার কেনাকাটায় অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের বোঝা সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। বিদ্যুৎ খাতে স্বচ্ছতা আনা এবং গ্রাহকদের অর্থ সাশ্রয় নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে দেশের প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য বড় ধরনের স্বস্তি তৈরি হবে এবং তাদের মাসিক ব্যয় কিছুটা কমবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









