আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের ৬ জেলার কৃষকদের বোরো ধান ও চাল সংরক্ষণ এবং বিক্রয়ে সহায়তা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে চাল সংগ্রহের পূর্ব নির্ধারিত তারিখ ১৫ মে থেকে এগিয়ে এনে আগামী ৩ মে থেকে ধান-চাল সংগ্রহ শুরু হবে।
শুক্রবার (১ মে) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যেসব জেলায় আগাম সংগ্রহ
নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই ৬ জেলায় ৩ মে থেকে একযোগে ধান ও চাল কেনা হবে। বাকি জেলাগুলোতে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু হবে।
কতটুকু কিনবে, দাম কত
আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে-ধান ৫ লাখ মেট্রিক টন, ৩৬ টাকা সিদ্ধ চাল ১২ লাখ মেট্রিক টন ৪৯ টাকা, আতপ চাল ১ লাখ মেট্রিক টন, ৪৮ টাকা। ধান-চালের পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গমও কেনা হবে। এ সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত।
খাদ্য মন্ত্রণালয় জানায়, হাওরের কৃষকরা যাতে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত ধান দ্রুত বিক্রি করে ক্ষতি পুষিয়ে নিতে পারেন, সেজন্যই চাল সংগ্রহের তারিখ এগিয়ে আনা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









