তিন দফা ১৩২ টাকা দাম বাড়ানোর পর জেট ফুয়েলের দাম প্রায় ২২ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (৭ মে) এক সভায় শেষে বিইআরসি জানিয়েছে, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ০৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা পুনঃনির্ধারণ করা হয়েছে। দাম কমানোর এই সিদ্ধান্ত ৭ মে রাত থেকে কার্যকর করা হবে।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলার করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৪ টাকা ৯৩ পয়সা ছিল। ফেব্রুয়ারি মাসে ১৯ পয়সা বাড়িয়ে লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ৯৫ টাকা ১২ পয়সা।
ফেব্রুয়ারির শেষ দিকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর মার্চ মাসে ফুয়েলের দাম প্রথম দফায় ৯৫ টাকা ১২ পয়সা থেকে একলাফে বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা করা হয়।
পরিস্থিতি আরও জটিল হলে ২৪ মার্চ মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়। সর্বশেষ এপ্রিলে তা আরও বেড়ে ২২৭ টাকা ৮ পয়সায় পৌঁছায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









