আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে জানিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘‘ইতোমধ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মালিকপক্ষ সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছে।’’
রবিবার (১০ মে) সকা রাজধানীর ঢাকা লেডিস ক্লাবে নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহণ ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘‘গত ঈদে সদরঘাটে আগের চেয়ে ভালো ব্যবস্থাপনা দেখা গেলেও আরও উন্নতির সুযোগ রয়েছে। দায়িত্বশীলতা ও আন্তরিকতা বজায় থাকলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের নৌ ব্যবস্থাপনার দৃশ্যমান পরিবর্তন সম্ভব হবে।’’
তিনি বলেন, ‘‘কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠকে সমস্যাগুলো চিহ্নিত করা হচ্ছে এবং সমাধানের চেষ্টা চলছে। তবে জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব না দিলে এই প্রচেষ্টা সফল হবে না।’’
লঞ্চ মালিক সমিতি, কার্গো মালিক প্রতিনিধিদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘‘নৌযাত্রাকে নিরাপদ, মনোরম ও উপভোগ্য করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘‘ইউরোপ, আমেরিকা, চীন ও ভারতের উন্নয়ন এসেছে মেধা, শ্রম, ত্যাগ, তৎপরতা ও দায়িত্ববোধের বিনিয়োগের মাধ্যমে।’’
এছাড়াও প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, ‘‘সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে নৌপথের দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা সম্ভব।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









